এশিয়া কাপে হার দিয়ে অভিষেক হলো বাংলাদেশ নারী দলের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আজ মঙ্গলবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের সঙ্গে দারুণ লড়াইয়ের পর ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও বাংলাদেশের লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। প্রথমার্ধে ২ গোল হজম করেছে বাংলাদেশের মেয়েরা। এরপর দ্বিতীয়ার্ধে গোলবার অক্ষত রাখতে সমর্থ হয় লাল-সবুজ জার্সিধারীরা।
এ ম্যাচে নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে বসিয়ে মিলি আক্তারকে একাদশে রেখেছেন পিটার বাটলার। এছাড়া তিনি খেলাচ্ছেন পাঁচ ডিফেন্ডারকে। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন সামলাচ্ছেন বাংলাদেশের ডিফেন্স।

চীনের গোলমুখে ঋতুপর্ণা চাকমার শট। ছবি: এপি
আগের দিন কোচ বলছিলেন, তিনি চান না তার দল ডিফেন্সটা ‘পার্কিং দ্য বাস’ করে রাখুক। তবে আজ তিনি ডিফেন্সে পাঁচজন নামিয়ে এটাই বুঝাতে চান, প্রথম লক্ষ্য গোল বাঁচানো। এ কৌশলে তিনি সফলই হয়েছেন।
টুর্নামেন্টে সবচেয়ে সফল দল চীনের কাছে ২-০ গোলে হেরেও অখুশি নয় বাংলাদেশ। তাইতো শেষ বাঁশি বাজার পর তিনি মেয়েদের করতালি দিয়ে অভিনন্দন জানান। চীন নয়বারের চ্যাম্পিয়ন। আর বাংলাদেশের মেয়েরা এই প্রথম এশিয়া কাপে খেলতে নামল। চীনারা আছে মেয়েদের ফিফা র্যাংকিয়ে ১৭ নম্বরে, আর বাংলাদেশ ১১২ নম্বরে।
গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।









