ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ মানেই যেন রানবন্যা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আরেকটি আকাশছোঁয়া স্কোর গড়ল দলটি। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছে সানরাইজার্স। এটা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। সর্বোচ্চ ২৮৭ ও দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রানের স্কোরও তাদের গড়া।

অভিষেক শর্মা (১৬ বলে ৩২) ও ট্রাভিস হেড (৪০ বলে ৭৬) ভিত গড়ে দেয়ার পর দক্ষিণ আফ্রিকান ‘বুচার’ হেনরিক ক্লাসেন নির্দয়ভাবে কলকাতার বোলারদের পিটিয়ে ১৭ বলে ফিফটি ও ৩৭ বলে সেঞ্চুরি করেন। এটা আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৯ বলে ৭ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। এছাড়া ইশান কিশান ২০ বলে ২৯ ও অনিকেত ভার্মা ৬ বলে ১২ রান করেন।

এটা টেবিলের সাত ও আটের লড়াই। এই ম্যাচে ১১০ রানে জিতে কলকাতা ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টকে টপকে টেবিলের ছয় নম্বরে উঠে যায় সানরাইজার্স। যদিও এ মৌসুমে আর প্লে-অফে খেলা হলো না কাব্য মারানের দলটির।

এর আগে গতকাল আহমেদাবাদে মুখোমুখি হয় গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। এরই মধ্যে বিদায় নেয়া চেন্নাইয়ের জন্য ম্যাচটি ছিল গুরুত্বহীন, যদিও প্লে-অফের অবস্থান বিচারে গুজরাটের জন্য যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ম্যাচে গুজরাটকে হারিয়ে তাদের বড় ক্ষতিই করল চেন্নাই। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩০ রানের সৌধ গড়ে মহেন্দ্র সিং ধোনির দল। জবাব দিতে নেমে শুভমান গিলের গুজরাট ১৪৭ রানে অলআউট।

এ হারের পরও ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গুজরাট। তবে এটা সাময়িক সময়ের জন্য। আজ পাঞ্জাব-মুম্বাই ম্যাচের বিজয়ী দল উঠে যাবে শীর্ষে। পাঞ্জাব জিতলে তাদের পয়েন্ট হবে ১৯, আর মুম্বাই জিতলে তাদের গুজরাটের সমান ১৮ পয়েন্ট হলেও নিট রানরেটে এগিয়ে থাকবে।

মুম্বাই জিতলে লাভ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তখন তারাও শীর্ষে ওঠার সুযোগ পাবে। এজন্য আগামীকাল তাদের হারাতে হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টকে। বেঙ্গালুরুর ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট।

বেঙ্গালুরু-লক্ষ্ণৌ ম্যাচ নিয়ে শেষ হবে রাউন্ড রবিন লিগ পর্ব। ২৯ মে শুরু হবে প্লে-অফ পর্ব।