আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের ছয় ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। আজ বুধবার র্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেখানে দেখা যায়, ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ১০ নম্বরে আছেন মুস্তাফিজ। এর আগেও ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দশে ছিলেন কাটার মাস্টার। ২০১৮ সালে ক্যারিয়ার সেরা র্যাংকিং পাঁচ নম্বরে ছিলেন তিনি। উন্নতি হয়েছে ওয়ানডেতে অনিয়মিত তাইজুল ইসলামেরও। ১৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই স্পিনার।
তবে দুই ধাপ নিচে নেমে গেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয় থেকে আট নম্বরে এখন তিনি। ৬৯৭ পয়েন্ট নিয়ে বোলারদের শীর্ষস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
ব্যাটারদের ওয়ানডে র্যাংকিংয়ের ১৬ নম্বরে আছেন তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিম ২১, সাকিব আল হাসান ৩২ ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৩৪ নম্বরে। ৮৯১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম।










