ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। আজ সোমবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার নিক কিরিওসের কাছে হেরে গিয়েছেন রাশিয়ান তারকা। অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসের (এটিপি) বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা মেদভেদেভ। অন্যদিকে কিরিওসের অবস্থান ২৫ নম্বরে। কিন্তু লড়াইয়ে সেটি একবারও বুঝতে দেননি অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়। মেদভেদেভকে ৭-৬ (১৩-১১), ৩-৬, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে কিরিওস।

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে গিয়ে জেতেন তিনি। দ্বিতীয় সেটে ৩-৬ গেমে জেতে ম্যাচে ফেরেন মেদভেদেভ। কিন্তু এর পরে দুই সেটে টানা ৬-৩ ও ৬-২ গেমে জেতে জয় নিশ্চিত করেন ২৭ বছর বয়সী কিরিওস। কোয়ার্টার ফাইনালে কিরিওসের প্রতিপক্ষ আরেক রাশিয়ান কারেন খাচানভ। আগামীকাল মুখোমুখি হবেন তারা। 

এদিকে আজ রাত সোয়া ১১টায় শেষ ষোলোয় স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের বিপক্ষে লড়বেন আমেরিকান ফ্রান্সিস টিয়াফো।