বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারাল জিম্বাবুয়ে। বুলাওয়েতে ক্যারিবিয়ানদের হারিয়ে ‘‌এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে স্বাগতিকরা। বাছাইপর্বে টানা তিন জয় তুলে নিল ক্রেগ আরভিনের দল।

টানা দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্য জেতাল জিম্বাবুয়েকে। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। রাজা ৫৮ বলে ৬৮ রান করেন। এছাড়া রায়ান বার্ল ৫৭ বলে ৫০ ও আরভিন ৫৮ বলে ৪৭ রান করেন। কিমো পল ৩টি উইকেট নেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায়। বল হাতেও অবদান রাখেন রাজা। তিনি নেন ২টি উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নেন তেন্দাই চাতারা। এছাড়া ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা নেন দুটি করে উইকেট। কাইল মায়ার্স ৭২ বলে ৫৮ ও রোস্টান চেজ ৫৩ বলে ৪৪ রান করেন।

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, ১০ দলের এই আসরে প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। পরিশেষে টেবিলের দুই দল পাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট।

গতকাল ‘‌এ’ গ্রুপের আরেক ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাটিং করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় নেপাল। লোগান ফন বিক ২৪ রানে ৪টি উইকেট নেন। এরপর ডাচরা ১৩৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ম্যাক্স ও’ডাউড ৭৫ বলে ৯০ ও বাস ডি লিডি ৩৯ বলে ৪১ রান করেন। এই জয়ে টেবিলের তিনে উঠে যায় নেদারল্যান্ডস (৩ ম্যাচে ৪ পয়েন্ট)।