আগে চারবারের দেখায় কখনই বাংলাদেশকে হারাতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। পঞ্চমবারের চেষ্টায় সফল হলো মধ্যপ্রাচ্যের দেশটি। গতকাল রাতে শারজায় উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনল স্বাগতিক দলটি। ২১ মে একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচ।

আগে ব্যাটিং করে তানজিদ হাসান (৩৩ বলে ৫৯), তাওহীদ হৃদয় (২৪ বলে ৪৫) ও লিটন দাসের (৩২ বলে ৪০) ব্যাটে ভর করে ৫ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে বাংলাদেশ। পরে অধিনায়ক মুহাম্মদ ওয়াসীম বিস্ফোরক ব্যাটিংয়ে এ রান তাড়া করে আরব আমিরাতকে জিতিয়েছেন। ওয়াসীম ৪২ বলে ৮২ রান করেন। নাহিদ রানা, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা প্রত্যেকেই মার খেয়েছেন।

শেষ ১২ বলে আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শরিফুল প্রথম বলে উইকেট নেয়ার পর চার বলে ১২ রান দেন। পঞ্চম বলে রানআউট করতে গিয়ে ওভার থ্রোতে ৫ রান দেন তিনি! শেষ ওভারে ১২ রান তোলার সমীকরণও মিলিয়ে ফেলে আমিরাতিরা। তারা ৫ বলেই প্রয়োজনীয় ১২ রান তুলে নেয়।