এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ‘এ’ গ্রুপের ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই জয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা জোরালো করল বাংলাদেশ।
আজ আরেক ম্যাচে শ্রীলংকাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চীন। এ জয়ে চীনের পয়েন্ট এখন ১২। চার ম্যাচের চারটিতে জেতা বাংলাদেশের পয়েন্টও ১২। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় রোববার বাংলাদেশ-চীন ম্যাচ হয়ে উঠবে ‘বাঁচা-মরা’র লড়াই। পয়েন্ট তালিকায় ওপরে থাকা দলটি আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট পাবে।
চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে আজ ৫৯ মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭২ মিনিটে মোহাম্মদ মানিক স্কোরলাইন ২-০ করেন। ৮৫ মিনিটে বাহরাইনের জুহাইর ইবরাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। যোগ করা মিনিটে বাহরাইনের দুটি আক্রমণ নস্যাৎ করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ চলতি বাছাইপর্বে পূর্ব তিমুরকে ৫-০ গোলে, ব্রুনেইকে ৮-০ গোলে, শ্রীলংকাকে ৫-০ গোলে ও বাহরাইনকে ২-১ গোলে হারায়। রোববার চীনের বিপক্ষে কিশোরদের অগ্নিপরীক্ষা।
পরবর্তী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলবে মোট ১৬টি দল। এরই মধ্যে স্বাগতিক সৌদি আরবসহ ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭ দল বাছাইপর্ব থেকে যাবে। ৭ দলের গ্রুপ চ্যাম্পিয়ন উঠে যাবে মূল পর্বে। এশিয়ান কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুবার ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ।










