পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-২ ব্যবধানে জিতে নিল শ্রীলংকা। সিরিজে তারুণ্যনির্ভর শ্রীলংকা দল সাহসী ক্রিকেট খেলে অবাক করে দেয় অজিদের। দুর্দান্ত টিম স্পিরিট নিয়েই সিংহলিজরা এবার অতিথিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। ২৯ জুন গলে শুরু হবে টেস্ট সিরিজ।
দাপুটে ক্রিকেটে চতুর্থ ম্যাচেই সিরিজ জিতে নেয় শ্রীলংকা। পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তাতেও ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ লজ্জার মুখোমুখি হয় দাসুন শানাকার দল। কিন্তু লংকানরা পণ করেছে, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। টেল-এন্ড নিয়ে প্রচণ্ড লড়াই গড়ে তুললেন চামিকা করুনারত্নে। ৭৫ বলে ৭৫ রান করে শ্রীলংকার বোর্ডে এনে দিলেন ১৬০ রানের পুঁজি।
এই ছোট্ট পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করে সিংহলিজরা। ১৯ রানে তিনটি ও ৫০ রানের মধ্যে চারটি উইকেটের পতন হয় অতিথি দলের। যদিও অ্যালেক্স ক্যারি (৪৫*) ও
ক্যামেরন গ্রিনের (২৫*) ব্যাটে
ভর করে সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া (১৬৪/৬)।
অনবদ্য লড়াইয়ের পুরস্কার হিসেবে হারা দল থেকে ম্যাচসেরা খেলোয়াড় হন চামিকা করুনারত্নে। সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলংকার কুশল মেন্ডিস।










