চোটের কারণে সেমিফাইনাল না খেলেই উইম্বলডন থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল। তখনই নোভাক জোকোভিচের সামনে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথ সুগম হয়। জোকোভিচ উইম্বলডনের ট্রফি ঠিকই জিতেছেন; কিন্তু ফাইনালে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই জিততে হয়েছে।
সেমিফাইনালের মতো ফাইনালেও প্রথম সেটে হার দিয়ে শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু পরের তিন সেট টানা জিতে উড়িয়ে দিলেন শঙ্কার মেঘ। অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ এককে জিতলেন উইম্বলডনের টানা চতুর্থ ট্রফি। তাতে সুইশ কিংবদন্তী রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। এত দিন দুজন পাশাপাশি অবস্থানে ছিলেন। উইম্বলডনে জিতে জোকোভিচের এখন ২১টি গ্র্যান্ড স্ল্যাম।
গতকাল রোববার প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা প্রতিদ্বন্দ্বী নিক কিরগিয়োসকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন জোকোভিচ। এ নিয়ে উইম্বলডনে সপ্তম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা।
এদিকে কাজাখস্তানের এলিনা রিবাকিনা ও তিউনিশিয়ার ওন্স জাবেউর দুজনের সামনেই সুযোগ ছিল উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ইতিহাস গড়ার। জাবেউরকে হারিয়ে সেই ইতিহাস গড়লেন রিবাকিনা। নারী এককে জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
রোববার রাতে ফাইনালে জাবেউরকে ৩-৬, ৬-২, ও ৬-২ গেমে হারান ২৩ বছর বয়সী রিবাকিনা। তাতে উইম্বলডনের নতুন রান এখন কাজাখস্তানের এলিনা রিবাকিনা।










