গল টেস্টের দ্বিতীয় দিন স্পিনার প্রবথ জয়াসুরিয়ার বোলিং ও বাবর আজমের ব্যাটিং ক্রিকেট অনুরাগীদের মন ভরিয়ে দেয়। যদিও টেল-এন্ড নিয়ে অনবদ্য লড়াই করে দলকে লিড এনে দিতে পারেননি বাবর। এই সুযোগে দ্বিতীয় ইনিংসে তিনশোর্ধ্ব রান তুলে নিয়ে পাকিস্তানকে বড় টার্গেট ছুড়ে দিতে যাচ্ছে শ্রীলংকা। ৯ উইকেটে ৩২৯ রান নিয়ে আজ তৃতীয় দিন মাঠ ছাড়ে লংকানরা, দুই ইনিংস মিলে তাদের লিড এখন ৩৩৩ রানের। আজ চতুর্থ দিন কঠিন চ্যালেঞ্জের মুখেই হয়তো পড়বে অতিথি পাকিস্তান।

 

এক উইকেটে ৩৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামা সিংহলিজরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারায়, দিনে হারায় ৮ উইকেট। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চললেও তাদের রানের চাকা কখনই শ্লথ হয়ে যায়নি। স্বাগতিকরা তুলেছে ২৯৩ রান, ওভারপ্রতি ৪.৫।

 

এক সপ্তাহ আগে এই গলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২০৬ রানের হার না মানা ইনিংস খেলে শ্রীলংকাকে জেতানো দিনেশ চান্দিমালের ব্যাট আবারো হাসছে। আজ এক প্রান্ত দিয়ে উইকেট পড়লেও অন্য প্রান্তে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। ১২১ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে তিনশ পার করিয়েছেন। ৫ বাউন্ডারি ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান চান্দিমাল। এছাড়া লংকান ইনিংসে কুশল মেন্ডিস ৭৬ ও ওশাদা ফার্নান্দো ৬৪ রান করেন।

 

চান্দিমালের আলোয় অনেকটা ঢাকাই পড়ে গেছে অর্থোডক্স স্পিনার মোহাম্মদ নওয়াজের দুরন্ত বোলিং। তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়েছেন ৫ উইকেট। ২৮ ওভার বোলিং করে ৮৮ রানের খরচায় তিনি ৫ উইকেট নেন। দীর্ঘদিন পর দলে ফেরা লেগস্পিনার ইয়াসির শাহ নেন তিনটি উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২২২ ও ৩২৯/৯। পাকিস্তান: ২১৮। —তৃতীয় দিন শেষে।