ওয়ানডে ও টি২০ ফরম্যাটের ক্রিকেটে মোট চারবার
বিশ্বকাপ জয় করা ওয়েস্ট ইন্ডিজকে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে
হচ্ছে। আজ জিম্বাবুয়ের মাঠে শুরু হয়েছে এই বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে খেলা ওয়েস্ট
ইন্ডিজ ক্রিকেটের অখ্যাত দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৯ রানে জিতলেও কঠিন পরীক্ষার
মুখে পড়ে। আর এশিয়ার দেশ নেপালের ছুড়ে দেয়া ২৯১ রানের টার্গেটের মুখেও দাপটে
জিতেছে জিম্বাবুয়ে।
হারারেতে সাবেক টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের অলরাউন্ড
নৈপুন্যে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে দল যখন ১৯২ রানে ৬ উইকেট
হারিয়ে ধুঁকছে তখন হোল্ডার (৪০ বলে ৫৬*) ও রোস্টন চেজ (৫৫ বলে ৫৫) দৃঢ়তা দেখিয়ে
ক্যারিবিয়ানদের ২৯৭ রানের পুঁজি এনে দেন। এছাড়া জনসন চার্লস ৮০ বলে ৬৬, শাই হোপ ৬০
বলে ৫৪ ও নিকোলাস পুরান ২৮ বলে ৪৩ রান করেন। যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভলকার,
কাইল ফিলিপ ও স্টিভেন টেইলর তিনটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে চোখ
রাঙাচ্ছিল যুক্তরাষ্ট্র। গুজানন্দ সিং ১০৯ বলে ১০১ রানের হার না মানা ইনিংস খেললেও
লক্ষ্যে পৌছতে পারেনি আমেরিকানরা।
হারারেতে অন্য ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৯০
রান করে নেপাল। কুশল ভুরতেল ৯৫ বলে ৯৯ ও আসিফ শেখ ১০০ বলে ৬৬ রান করেন। জবাবে
ক্রেগ আরভিন (১২১*) ও শন উইলিয়ামসের (১০২*) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট ও ৩৫
বল বাকি থাকতেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ২০.৫ ওভারে ১৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে
জিম্বাবুয়েকে জয় এনে দেন।
আজ ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। সাবেক
বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, টেস্ট খেলুড়ে দেশ
আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওমান। দুটি ম্যাচই বুলাওয়েতে। শুরু হবে বেলা ১টায়।










