উজবেকিস্তানের সমরকন্দ শহরে অনুষ্ঠিত ৪৬তম ফিদে দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে বাংলাদেশ দল ২০৪টি দেশের ২০৬টি দলের মধ্যে ৬৭তম স্থান লাভ করেছে। ওপেন বিভাগে বাংলাদেশ দল ১১ খেলায় ১২ পয়েন্ট অর্জন করে। অপরদিকে, মহিলা বিভাগে বাংলাদেশ দল ১৮৭টি দেশের ১৮৯টি দলের মধ্যে ৮৪তম স্থান পেয়েছে। মহিলা দল ১১ খেলায় ১১ পয়েন্ট অর্জন করে।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একাদশ বা শেষ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ০-৪ গেম পয়েন্টে বেলারুশের কাছে হেরে যায়। ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে বেলারুশের গ্র্যান্ড মাস্টার লাজাভিক ডেনিস, গ্র্যান্ড মাস্টার সারুক মাকসিম, আন্তর্জাতিক মাস্টার স্ত্রিবুক আরতিওম ও গ্র্যান্ড মাস্টার নিকিতেঙ্কো মিখাইলের কাছে হেরে যান।

বাংলাদেশ মহিল দল গেম এদিন একাদশ রাউন্ডের খেলায় ব্রাজিলের কাছে হেরে যায়। মহিলা দলের পক্ষে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে ব্রাজিলের দিয়াস ক্লারা, ফিদে মাস্টার আলবোরিদো জুলিয়া ও মহিলা আন্তর্জাতিক মাস্টার লিব্রেলাতো ক্যাথি গুলার্তের সঙ্গে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ব্রাজিলের ফিদে মাস্টার তেরাও জুলিয়ান সায়ুমির কাছে হেরে যান।

এর আগে শনিবার অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে লেবাননকে হারায়। বাংলাদেশ দলের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে লেবাননের আন্তর্জাতিক মাস্টার খোদর আকরাম, ফিদে মাস্টার এল জেইন জেইন এদ্দিন ও হাজিমেহ আহমাদ আলীকে হারান। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া লেবাননের ক্যান্ডিডেট মাস্টার আরকাদান আদিবের সঙ্গে ড্র করেন।

বাংলাদেশের মহিলা দল দশম রাউন্ডের খেলায় ১-৩ গেম পয়েন্টে মন্টিনিগ্রো মহিলা দলের কাছে হেরে যায়। মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে মন্টিনিগ্রোর মহিলা ফিদে মাস্টার স্কভোরৎসোভা আলেনা ও মহিলা ফিদে মাস্টার কোলিয়েভিচ নিকোলিনার সঙ্গে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম যথাক্রমে মন্টিনিগ্রোর ফিদে মাস্টার ঝোরেবৎসোভা আলেকাজান্দ্রা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার মিলোভিচ আলেকজান্দ্রার কাছে হেরে যান।

ওপেন বিভাগে স্বাগতিক উজবেকিস্তান ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, ১৮ পয়েন্ট করে নিয়ে ভারত রানার্সআপ ও জার্মানি তৃতীয় স্থান লাভ করে। মহিলা বিভাগে চীন ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, কাজাখস্তান ১৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ ও ভারত ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

এবারের দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, বিশ্ব দাবা সংস্থার (ফিদে) কংগ্রেসে বাংলাদেশের ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মো. সাইদুল হাসান। ওপেন দলের অধিনায়ক ছিলেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং মহিলা দলের অধিনায়ক ছিলেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

২০২৪ সালে হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ৪৫তম ফিদে দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে বাংলাদেশ ১৮৯টি দলের মধ্যে ৭৮তম এবং মহিলা বিভাগে ১৭০টি দলের মধ্যে ৮১তম স্থান পেয়েছিল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় উজবেকিস্তানের সমরকন্দে ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা দিয়েছে।