ক্রিকেটের পর ফ্র্যাঞ্চাইজি হকি লিগের অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। ছয়টি করপোরেট দল নিয়ে আগামী অক্টোবরে শুরু হবে লিগ। আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংশ্লিষ্টরা এ লিগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনেছে সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টও। এছাড়াও দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ ও সাইফ পাওয়ারটেক। আরো একটি গ্রুপ রয়েছে যার নাম পরে জানানো হবে।
টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান এইস স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে হকি ফেডারেশনের একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও এইসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক এই চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় হকি ফেডারেশনকে এক কোটি টাকার ডামি চেকও তুলে দেয়া হয়।
হকিতে দল কেনার বিষয়ে সাকিব বলেছেন, হকির যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে, আমার কাছে মনে হয়- তা যেকোনো স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ও টি২০ দলের অধিনায়ক বলেন, প্রথমত আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়, আমার বড় ভাইরা হকির খেলোয়াড়। আমরা হকির খেলা দেখতে চলে যেতাম হকির মাঠে। তাই হকির প্রতি আগ্রহ অনেক আগে থেকেই ছিল। শুধু হকি নয়, যেকোনো স্পোর্টসের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা স্পোর্টস এমন একটা জায়গা, যেখানে থাকতে পারলে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারি।
এইসের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেছেন, হকির ইতিহাসে অনন্য একটি দিন। দুই বছর ধরে কাজ করছি। হকি ফেডারেশনের সভাপতিসহ সবার সহযোগিতায় আমরা কাজটি করতে পেরেছি। আশা করছি, হকিতে পুনর্জাগরণ করতে পারবো এর মাধ্যমে। হকিতে ফ্র্র্যাইঞ্চাইজি লিগ হলে খেলোয়াড়দের উন্নতি হবে।
অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানসহ হকি অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।










