ওভালে দ্বিতীয়
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে
শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। ৪৪৪ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নামা ভারত ৩
উইকেটে ১৬৪ রান নিয়ে চতুর্থ দিন মাঠ ছাড়ে। আজ রোববার পঞ্চম ও শেষদিন ৭ উইকেট হাতে
নিয়ে তাদের করতে হতো আরো ২৮০ রান। কিন্তু বাকি ৭ উইকেট হারিয়ে ভারত মাত্র ৭০ রান
যোগ করতে সমর্থ হয়েছে। এই জয়ে প্রথমবারের মতো টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হলো অজিরা।
প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। দুবারই ফাইনালে পরাজিত দল ভারত।
৬৩ দশমিক ৩ ওভার
আয়ু পায় ভারতের দ্বিতীয় ইনিংস। তাদের বড় ক্ষতিটা করেছেন পেস বোলার স্কট বোলান্ড।
আগের দিন শুভমান গিলের উইকেট শিকার করা এই পেসার আজ একই ওভারে সাজঘরে ফেরান ভারতের
আশা বাঁচিয়ে রাখা বিরাট কোহলি (৪৯) ও রবীন্দ্র জাদেজাকে (০)। এরপর নাথান লায়ন ও
মিচেল স্টার্ক মিলে অলআউট করে দেন ভারতকে। লায়ন ৪১ রানে ৪টি, বোলান্ড ৪৬ রানে ৩টি
ও স্টার্ক ৭৭ রানে ২টি উইকেট নেন।
এর আগে ট্রাভিস
হেড (১৬৩) ও স্টিভেন স্মিথের (১২১) সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে
অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে ভারত।
সেখান থেকে আজিঙ্কা রাহানে (৮৯), শারদুল ঠাকুর (৫১) ও রবীন্দ্র জাদেজার (৪৮)
লড়াইয়ে শেষ পর্যন্ত বোর্ডে ২৯৬ রান তুলতে সমর্থ হয় ভারত। ১৭৩ রানের লিড পায়
অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ভালো করে ভারতের বোলাররা। ২৪ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার ও
উসমান খাজা ফেরেন সাজঘরে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্মিথ (৩৪) ও হেড (১৮) এদিন
বড় স্কোর গড়তে পারেননি। এরপর অ্যালেক্স ক্যারি (৬৬) ও মিচেল স্টার্কের ব্যাটে (৪১)
ভর করে ৮ উইকেটে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা।
আজ সকালে বিরাট কোহলি (৪৪*) ও আজিঙ্কা রাহানের (২০*) লড়াই শুরু হয়। দুজন
১৯.২ ওভারে ৭১ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন। সেখান থেকে জিততে হলে গড়তে হতো ইতিহাস।
আগের সর্বোচ্চ চেজের রেকর্ড ৪১৮ রান। তবে অজিদের সঙ্গে কোনো লড়াই-ই করতে পারল না
রোহিত শর্মার দল।
উল্লেখ্য, ২০২১
সালে এই লর্ডসে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে
হেরেছে ভারত। তারা দশ বছর আইসিসির কোনো ট্রফি জেতেনি।










