চেন্নাইতে আজ মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অধিনায়ক মুহাম্মাদ ওয়াসীম আর আলিশান শরাফুর ফিফটিতে ভর করে নিউজিল্যান্ডকে ১৭৪ রান টার্গেট দিয়েও জিততে পারেনি সংযুক্ত আরব আমিরাত। টিম সেইফার্ট ও ফিন অ্যালেন রেকর্ড গড়া জুটিতে কিউইদের ১০ উইকেটের জয় এনে দেন। ১৫.২ ওভারে ১৭৫ রানে অবিচ্ছিন্ন থাকেন দুজন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
সেইফার্ট ৪২ বলে ৮৯ ও অ্যালেন ৫০ বলে ৮৪ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে আরিয়াংশ শর্মাকে হারায় আরব আমিরাত। এরপর শরাফু ও ওয়াসীম ৭৭ বলে ১০৭ রানের দারুণ এক জুটিতে আরব আমিরাতের সংগ্রহ একশ পার করান। শরাফু ৪৭ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে যান। ওয়াসীম দায়িত্বটা তখনই শেষ করেননি। তিনি বাকিদের নিয়ে দলের সংগ্রহটা ১৭৩ পর্যন্ত নিয়ে যান। এ পথে মায়াঙ্ক কুমারকে (১৩ বলে ২১) নিয়ে ২০ বলে ৪০ রান যোগ করেন।
ম্যাট হেনরি দুটি এবং জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট।
এর আগে আজ দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে নামিবিয়া। বাস ডি লিডির ব্যাটে ভর করে দুই ওভার হাতেই রেখেই এই রান তুলে নেয় ডাচরা। ডি লিডি ৪৮ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া কলিন অ্যাকারম্যান ২৮ বলে ৩২, মাইকেল লেভিট ১৫ বলে ২৮ ও স্কট এডওয়ার্ডস ৯ বলে ১৮ রান করেন।









