চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ
ওপেনের শিরোপা জিতলেন শীর্ষ বাছাই ইগা সিয়ানতেক। শনিবার রাতে নারী এককের ফাইনালে চেক
রিপাবলিকের ক্যারোলিনা মুচোভার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই করে ৬-২, ৫-৭, ৬-৪ গেমের
জয় তুলে নেন ২২ বছর বয়সী পোলিশ সুপারস্টার।
ফেভারিট গ্রাউন্ড রোলাঁ গারোঁয় সিয়ানতেকের
সামনে আন্ডারডগ ছিলেন মুচোভা। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনজন শীর্ষ র্যাংকধারীকে
হারান ৪৩ র্যাংকধারী চেক খেলোয়াড়। এর মধ্যে গত বৃহস্পতিবার সেমিফাইনালে তিনি
হারান বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কাকে। ফাইনালে
সিয়ানতেককেও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন ২৬ বছর বয়সী মুচোভা। জিতে নেন দ্বিতীয় সেট।
তৃতীয় সেটেও ২-০তে এগিয়ে যান। এরপর ঘুরে দাঁড়ান সিয়ানতেক এবং শেষ পর্যন্ত বিজয়ীর
হাসি হেসেছেন এই পোলিশ সুপারস্টার।
এটা ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম
শিরোপা সিয়ানতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেন, আর ২০২২ সালে
ইউএস ওপেন শিরোপার স্বাদও পান তিনি। ক্লে কোর্টে ১৬টি টুর্নামেন্ট খেলে সপ্তম
শিরোপা জিতলেন সিয়ানতেক।
জয় শেষে সিয়ানতেক বলেন, ‘এটা সহজ ম্যাচ
ছিল না। গত কয়েক সপ্তাহ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি অনেক খুশি। আমি সত্যিই
রেকর্ড নিয়ে ভাবি না। আমি প্রতিদিন নিজের সেরাটা দিতে চাই।’










