গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টের প্লে-অফ খেলা নিশ্চিত। প্লে-অফের শেষ টিকিটের জন্য আজ রোববার ত্রিমুখী লড়াইয়ে অবতীর্ণ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তিন দলেরই সুযোগ ছিল শেষ চারে ওঠার। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ে ছিটকে যায় রাজস্থান।

 এ ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি করে মুম্বাইকে মহামূল্যবান জয় এনে দেন ক্যামেরন গ্রিন। ৩৭ বলে ৫৬ রান করেন রোহিত শর্মা। এর আগে সানরাইজার্স ৫ উইকেটে ২০০ রান তুলেছিল। এই জয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে যায় মুম্বাই। যদিও পরের ম্যাচে বেঙ্গালুরু জিতলে তারা পাঁচ নম্বরে নেমে যাবে।

 পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। ৬১ বলে ১০১ রানের ইনিংষ খেলে তিনি দলকে এনে দেন ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন ভারতের সাবেক অধিনায়ক। আইপিএলে এটা তার রেকর্ড সপ্তম সেঞ্চুরি। আগের ম্যাচে সেঞ্চুরি করে ক্রিস গেইলকে ছুঁয়েছিলেন। এবার তাকে টপকে এককভাবে উঠে গেলেন শীর্ষে।

 ১০ দলের এই আসরে প্রতিটি দল রাউন্ড রবিন লিগে ১৪টি করে ম্যাচ খেলছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। প্রতিটি দল ভিন্ন গ্রুপের পাঁচ দলের সঙ্গে ১০টি এবং নিজ গ্রুপের চার দলের সঙ্গে চারটি ম্যাচ খেলছে।

 এরপর প্লে-অফের লড়াই। গুজরাট ও চেন্নাই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ২৩ মে। বুধবার এলিমিনেটর ম্যাচ। এরপর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৮ মে রোববার ফাইনাল।