আন্তর্জাতিক ক্রিকেটকে
বিদায় জানালেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তিনি এখন থেকে শুধুই কাউন্টি ক্লাব নটিংহ্যাম্পশায়ার
ও ঘরোয়া ফ্রাঞ্চাইজি টি২০ লিগগুলোতে খেলবেন।
ইংল্যান্ড জাতীয় দলের
হয়ে তিন ফরম্যাট মিলে ১৫৬ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী হেলস। তিন ফরম্যাটে তিনি করেছেন
৫ হাজার ৬৬ রান। সর্বশেষ গত নভেম্বরে তিনি জিতেছেন টি২০ বিশ্বকাপ। মেলবোর্নে টি২০ বিশ্বকাপ
ফাইনালই ছিল ইংল্যান্ডের হয়ে তার শেষ ম্যাচ। ওই ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায়
ইংল্যান্ড।
আজ ইনস্টাগ্রাম অবসরের
ঘোষণায় হেলস বলেন, ‘আমার কিছু স্মৃতি ও বন্ধু তৈরি হয়েছে, যা আজীবন টিকে থাকবে। আমার
মনে হয়, থামার এখনই সময়।’
বর্তমানে ইংল্যান্ডের
দ্য হানড্রেড টি২০ লিগে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন হেলস। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ
ও পাকিস্তান সুপার লিগে নিয়মিতই তাকে দেখা যেতে পারে।
হেলসের অবসরে ইংল্যান্ডের ওপেনিং
পজিশনে সুযোগ তৈরি হলো ফিল সল্টের, যিনি এরই মধ্যে ১৬টি টি২০ ও ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
এছাড়া পাইপলাইনে আছেন সমারসেটের ২১ বছর বয়সী ব্যাটার উইল স্মিডও।










