ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে আগেই বিদায় নেয়া দিল্লি ক্যাপিটালস যেন আরো অসহায়। ঘরের মাঠে শনিবার নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৭৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। এই জয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। বড় জয়ে দলটির শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত।

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে চেন্নাই (নিট রানরেট ০.৬৫২)। শনিবার রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১ রানে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছে লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৭৬ রান তোলে লখনউ। জবাবে কলকাতা ৭ উইকেটে ১৭৫ রান তুলতে সমর্থ হয়। এই হারে এবারের আসর থেকে বিদায় নিল কলকাতা।

নিট রানরেটে (০.২৮৪) তারা চেন্নাইকে পেছনে ফেলতে পারেনি। ফলে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম কোয়ালিয়ার খেলবে এমএস ধোনির দল। ম্যাচটি ২৩ মে চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হবে।


দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৩ রানের সৌধ গড়ে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৭৯ ও ডেভন কনওয়ে ৫২ বলে ৮৭ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। এছাড়া শিভাম দুবে ৯ বলে ২২ রান করেন। জবাবে ডেভিড ওয়ার্নারের ফিফটির (৫৮ বলে ৮৬) পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয় দিল্লি। ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করল ওয়ার্নারের দল।

রাউন্ড রবিন লিগের মীমাংসা আজ। বিকেলে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স (১৪ পয়েন্ট), রাতে টেবিল টপার টাইটান্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (১৪ পয়েন্ট) বিপক্ষে।