উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩ মৌসুম শুরু হচ্ছে আজ। প্রথমদিন গ্রুপ পর্বের ১০টি ম্যাচে মাঠে নামছে ২০টি ক্লাব। রাত ১০টা ৪৫ মিনিটে ‘ই’গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে ক্রোয়েশিয়ান ক্লাব দায়নামো জাগরেভ। একই সময়ে গ্রুপ ‘জি’-এর ম্যাচে মাঠে নামছে ড্যানিশ ক্লাব কোপেনহ্যাগ ও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

বাকি আটটি ম্যাচের খেলা শুরু হবে রাত ১টায়। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে স্কটিশ ক্লাব সেলটিকের বিপক্ষে। পার্স দেস প্রিন্সেসে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে লড়বে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। সেভিয়ার আতিথেয়তা নেবে ম্যানচেস্টার সিটি। ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে নামবে আরেক স্কটিশ ক্লাব রেঞ্জার্স। এছাড়া পর্তুগালের ক্লাব বেনফিকা ও ইসরায়েলের ক্লাব মাক্কাবি হাইফা, আরবি লাইপজিগ-শাখতার দোনেৎস্ক, আরবি সালসবুর্গ-এসি মিলান ও এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-স্পোর্টিং লিসবন মুখোমুখি হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন পিএসজি-জুভেন্টাসের হাইভোল্টেজ এক ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের এটি হবে প্রথম দেখা। তবে অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে মোট ৯ বারের দেখায় জুভেন্টাস জিতেছে সাতবার ও পিএসজি দুইবার। পূর্বের পরিসংখ্যান যাই হোক, বর্তমান পিএসজিকে হারানো জুভেন্টাসের জন্য খুব কঠিনই হবে। মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে বিশ্বসেরা আক্রমণলাইন ফরাসিয়ান জায়ান্টদের। চলমান ফ্রেঞ্চ লিগ-ওয়ানে ছয় ম্যাচের পাঁচটি জিতেছে তারা। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২৪ বার।

এদিকে পিএসজি থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যানইউ থেকে পল পগবা গেছেন জুভেন্টসে। তবে এখন পর্যন্ত সিরি-আ’তে পাঁচ ম্যাচের দুটি জয়, তিনটি ড্র করেছে তারা। দলের অবস্থান ও সম্প্রতি পারফরম্যান্সে এগিয়ে থেকে মাঠে নামবে পিএসজি।