সুপার ফোরে জায়গা করা চারটি দলেরই সুযোগ আছে টি২০ এশিয়া কাপের ফাইনালে ওঠার। তবে এ দৌড়ে অনেকটা এগিয়ে পাকিস্তান ও শ্রীলংকা। ভারত-আফগানিস্তানেরও সুযোগ রয়েছে, তবে তা হিসাব-নিকাশ এবং অন্যদের জয়-পরাজয়ের ওপর নির্ভর করে।
ফেভারিট তকমা নিয়ে টি০ এশিয়া কাপ ২০২২-এর আসর শুরু করে ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এর আভাসও দিয়েছিল প্রবলভাবে। গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে পূর্ণ চার পয়েন্ট নিয়ে সুপার ফোরে ওঠে রাহুল দ্রবিডের শিষ্যরা। কিন্তু এই রাউন্ডে দেখা গিয়েছে অচেনা এক ভারতীয় দলকে।
টানা দুই ম্যাচে হেরে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে এক প্রকার ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারের পর গতকাল মঙ্গলবার শ্রীলংকার কাছে হেরেছে ৬ উইকেটে। ভারতের হাতে ম্যাচ আছে আর একটি। আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে জিতলেও ফাইনালের সম্ভাবনা ক্ষীণ। কারণ এরই মধ্যে সুপার ফোরে পর পর দুই ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে শ্রীলংকা।
অপরদিকে পাকিস্তান এক ম্যাচে জিতেছে (২ পয়েন্ট)। তাদের আছে আরো দুইটি ম্যাচ। আজ শারজায় আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে বাবর আজম বাহিনী। এ ম্যাচে হারলেও শ্রীলংকার বিপক্ষে আরো একটি ম্যাচ আছে তাদের। ওই ম্যাচে জিতলেও ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের।
তবে আজ আফগানদের বিপক্ষে জিতলে পাকিস্তান ও শ্রীলংকা উভয় দলেরই ফাইনালে খেলা পাকা হয়ে যাবে। অপরদিকে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারত-আফগানিস্তানের।
তবে এই দুই দল একটি সুযোগ নিতে পারবে, যদি পাকিস্তান তাদের পরবর্তী দুই ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে হারে। এর আগে ভারত-আফগানিস্তান নিজেদেরও মুখোমুখি লড়াই রয়েছে। সেখানে জেতার ওপর নির্ভর করবে সুঁতোয় ঝুলে থাকা ভাগ্য কার দিকে যায় এবং শেষ পর্যন্ত ফাইনালে দুই দলের কেউ যেতে পারবে কি-না তা। তবে সব হিসাব-নিকাশে শ্রীলংকার ফাইনালের পথ সহজ।










