ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার পথে
আরো একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। আজ ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে
হারাল সিটিজেনরা। এর মধ্য দিয়ে শিরোপার রেসে তারা চার পয়েন্টে পেছনে ফেলল আর্সেনালকে,
যারা মৌসুমের দীর্ঘ সময় টেবিলের এক নম্বরে ছিল। ৩৪ রাউন্ড শেষে ম্যানসিটি পয়েন্ট
৮২, আর্সেনালের ৭৮।
ইতিহাদে আজ ম্যানসিটির জয়ের নায়ক ইকাই
গুন্দোয়ান। জার্মান মিডফিল্ডার ১৯ ও ২৭ মিনিটে দুই গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের কর্তৃত্ব
প্রতিষ্ঠা করেন। ম্যাচে আশি শতাংশেরও বেশি বল দখলে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা।
আগামীকাল রোববার আর্সেনাল খেলবে নিউক্যাসলের মাঠে, আর ম্যানচেস্টার ইউনাইটেড যাবে ওয়েস্ট হ্যামের মাঠে। আর্সেনালকে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই। আর তারা জিতলে লাভ হবে ম্যানইউর। তখন তারা ওয়েস্ট হ্যামকে হারিয়ে তিনে ওঠার সুযোগ পাবে। নিউক্যাসল ৬৫ পয়েন্ট নিয়ে তিনে ও ম্যানইউ ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।
আজ চেলসি ৩-১ গোলে বোর্নমাউথকে হারায়। ছয়
ম্যাচ হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল চেলসি। এছাড়া টটেনহাম ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে
হারিয়েছে।










