২০০৭ সালে বার্সেলোনায় আয়োজিত একটি দাতব্য ফটোশুটে লামিনে ইয়ামালের বাবা-মা বিজয়ী হন। সেই আয়োজনেই ২০ বছর বয়সী মেসি পাঁচ মাসের ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে কথা বলতে গিয়ে এনএফএলের কিংবদন্তি টম ব্র্যাডি সেই ছবিকে ‘খুবই ভবিষ্যদ্বাণীমূলক’ বলে মন্তব্য করেন। জবাবে মেসি বলেন, ‘ছবিটি অবিশ্বাস্য। এখন আমরা দুজনই বিশ্বকাপে খেলছি—এটা সত্যিই অবাক করার মতো।’
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লামিনে ইয়ামালের। পরে তিনি মেসির কিংবদন্তি ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হন। স্পেনকে ইউরো ২০২৪ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৯ বছর বয়সী ইয়ামাল এবার বিশ্বকাপ জিততে পারলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—দুই শিরোপা জয়ী সর্বকনিষ্ঠ ফুটবলার হবেন।
৩৯ বছর বয়সী মেসি বলেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’ তিনি বলেন, আমি তার জন্য শুভকামনা জানাই। কারণ তার সাফল্য মানে বার্সেলোনারও সাফল্য।
মেসি বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব, যেন সে তার সেরা খেলাটা খেলতে না পারে। তবে স্পেন শুধু তাকে নিয়েই নয়, পুরো দলটাই দুর্দান্ত।
ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে মেসি বলেন, সে অসাধারণ একজন ফুটবলার, একজন বৈশ্বিক তারকা। তার বয়স মাত্র ১৯ বছর, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। তবে এবার যেন সে চ্যাম্পিয়ন হতে না পারে, সেটা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
সংবাদ সম্মেলন শেষে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আলিঙ্গন করেন। স্কালোনি যখন স্পেনে উয়েফা প্রো কোচিং লাইসেন্স অর্জন করেন, তখন দে লা ফুয়েন্তে তার প্রশিক্ষকদের একজন ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ ও অভিনেতা কেভিন হার্ট।









