প্রায় তিন বছর পর সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টর্নেডো বইয়ে দিয়েছেন এই ব্যাটার। তার ব্যাটে করে আসরে নিজেদের শেষ ম্যাচে ২০ ওভারে ২১২/২ রান সংগ্রহ করেছে ভারত।

কোহলি খেলেছেন হার না মানা ৬১ বলে ১২২ রানের অনবদ্য এক ইনিংস। খরা কাটানো সেঞ্চুরিও মনে গেঁথে রাখার মতো। ২০০ স্ট্রাইকরেটে ১২টি চার ও ছয়টি ছক্কায় সাজিয়েছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরিটি। টি২০তে এটি বিরাটের প্রথম সেঞ্চুরি।

এর আগে ২০১৯ সালের নভেম্বরে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট। কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। 

মাঝে কেটে গেল সেঞ্চুরিহীন বিরাটের ৩৪টি মাস। সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে রান ছিল। কিন্তু সম্প্রতি রান খরায়ও ভুগছিলেন তিনি। তবে টি২০ এশিয়া কাপে চির চেনা রূপে ফেরেন ভারতের সাবেক এ অধিনায়ক। চার ম্যাচে তার স্কোর- ৩৫, ৫৯, ৬০, ০ ও ১২২। চলতি এশিয়া কাপে এ মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকও কিং কোহলি।