লাহোরে শনিবার অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে ২-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এদিন কেরালার তিরুভানান্তাপুরমে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২৭১ রানের সৌধ গড়া ভারত ৪৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এর মধ্য দিয়ে ৪-১-এ সিরিজ জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল।
লাহোরে ৫ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। অধিনায়ক সালমান আগা ৪০ বলে ৭৬ রান করেন। এছাড়া ৩৬ বলে ৫৩ রান করেন উসমান খান। জবাব দিতে নেমে পাকিস্তানের ঘূর্ণির মুখে এলোমেলো অজিরা ১৫.৪ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়। ৫ স্পিনার ১০ উইকেট ভাগাভাগ করেন। আবরার আহমেদ ১৪ রানে ৩টি ও শাদাব খান ২৬ রানে ৩টি এবং উসমান তারিক ১৬ রানে ২টি উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুব নেন ১টি করে উইকেট।
রোববার লাহোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

ইশান কিশানের সেঞ্চুরির আনন্দ। ছবি: বিসিসিআই
এদিকে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে হয়েছে রানবন্যা। ইশান কিশান ৪৩ বলে ৬ বাউন্ডারি ও ১০ ছক্কায় ১০৩, সূর্যকুমার যাদব ৩০ বলে ৬৩, হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪২ ও অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেন। জবাব দিতে নেমে কিউইরা ১৯.৪ ওভারে ২২৫ রান তুলে অলআউট হয়ে যায়। ফিন অ্যালেন ৩৮ বলে ৮০, ইস সোধি ১৫ বলে ৩৩, রাচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ ও ড্যারিল মিচেল ১২ বলে ২৬ রান করেন। ৫১ রানে ৫ উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেলের শিকার ৩৩ রানে ৩ উইকেট।
ইশান কিশান প্লেয়ার অব দ্য ম্যাচ ও সূর্যকুমার প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন।









