সেখানে তারা জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে সব রকমের প্রস্তুতিই ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার, কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ ছিল না তাদের।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে প্রশ্নের মুখে বলেন, ‘সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না একটা পর্যায়ে গিয়ে।’
গতকাল একদিনে বিসিবির চার পরিচালক পদত্যাগ করেছেন। এ নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান মুখছেদুল কামাল বলেছেন, যেহেতু সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তাই এ নিয়ে তাদের বলার তেমন কিছু নেই।
বোর্ডের ভবিষ্যৎ নিয়ে বর্তমান পরিচালনা পর্ষদের কোনো উদ্বেগ নেই বলে দাবি তাদের। বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এ নিয়ে বলেন, ‘আপনারা দেখবেন, আমরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সবই ভবিষ্যতের দিকে তাকিয়ে নেয়া।’ সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বোর্ড সভায় টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়। লিটন দাসের মেয়াদ ছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যে আসরে খেলতে যায়নি বাংলাদেশ। তাকে ২০২৮ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে গতকালের সভায়। তার সহঅধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সহঅধিনায়ক করা হয়েছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনকে, যিনি ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তাদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়া হয়েছে। তার অভিজ্ঞতা কাজে লাগাতে ও বিসিবির অধীন থাকা স্পিন বোলিং কোচের ঘাটতি কমাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে অবশ্য চূড়ান্ত কিছু জানাতে পারেনি বিসিবি। তবে শেষ পর্যন্ত বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ আখ্যা দেয়া ক্লাবগুলোকে রাজি করাতে না পারলে বিকল্প ভাবার কথা বলেছেন তারা।
এছাড়া অনেক বছর ধরে বন্ধ থাকা ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালুরও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। এছাড়া বিদেশে যাওয়ার জন্য এখন থেকে ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপ দেবে তারা।










