ফিফা নারী বিশ্বকাপে নবাগত দল ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করল টানা দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি মার্কিনীরা। বলের ওপর ৬৬ শতাংশ দখল ছিল তাদের।

 

২০১৫ ও ২০১৯ সালে টানা দুবার নারী ফুটবল বিশ্বকাপ জিতেছে যুক্তরাষ্ট্র। এবার নজিরবিহীন টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে খেলতে নেমেছেন মেগান রাপিনো, অ্যালেক্স মরগানরা।

 

‘ই’ গ্রুপ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে। এর মধ্যে সোফিয়া স্মিথ করেন জোড়া গোল। ম্যাচের ১৪ মিনিটে দলকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে তিনি ব্যবধান ২-০ করেন। ৭৭ মিনিটে লিন্ডসে হোরান করেন দলের তৃতীয় গোল।

 

যুক্তরাষ্ট্র দলে ১৪ জন এই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন।

তাদের মধ্যে অন্যতম সোফিয়া স্মিথ প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের দুর্দান্ত আগমনীর জানান দিলেন। দুই গোল করার পাশাপাশি দলের তৃতীয় গোলটিও তার তৈরি করে দেয়া।

 

৪৪ মিনিটে অ্যালেক্স মরগান পেনাল্টি মিস না করলে আরো বড় ব্যবধানে জিততে পারতো যুক্তরাষ্ট্র।

 

আজ ‘সি’ গ্রুপ ম্যাচে টুর্নামেন্টের সর্বনিম্ন র‍্যাংকধারী দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় এশিয়ান জায়ান্ট জাপান।  

 

আজ বিকালে ইংল্যান্ড খেলবে হাইতির বিপক্ষে, আর সন্ধ্যায় ডেনমার্কের প্রতিপক্ষ চীন।