টি২০ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ মঙ্গলবার রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ হলেও আফগানেদের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন নবি-রশিদরা।
আজ বাংলাদেশের জন্যও দলটি কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যান, সম্প্রতি পারফরম্যান্স, কন্ডিশন এবং দল গঠনেও এই সংস্করণে টাইগারদের চেয়ে এগিয়ে আফগানরা। তবে সাকিব আল হাসানের নেতৃত্বে উজ্জীবিত বাংলাদেশ দল। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা রয়েছেন দলে। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশও।
আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা এখনো বলা যায় না। তবে কন্ডিশন ও সব ধরনের পরিস্থিতি বিবেচনায় দুই দলের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। ক্রীড়াভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তান প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। তবে বাংলাদেশের একাদশে রাখা হয়েছে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।









