আব্দুল্লাহ শফিকের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে গল টেস্টে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের দেয়া ৩৪২ রানের লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় সফরকারীরা। দলের জয়ে ওপেনার শফিক রেখেছেন অন্যতম অবদান। ৪০৮ বল মোকাবেলায় ১৬০ রানে অপরাজিত থাকেন তিনি।
টেস্টে এটি শফিকের দ্বিতীয় সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের ইনিংস। এর আগে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ১৩৬ রান। সেঞ্চুরি করা দুই ইনিংসেই অপরাজিত থাকেন পাকিস্তানী ওপেনার। ৭টি চার ও একটি ছক্কার বাউন্ডারিতে ১৬০ রানের ইনিংসটি সাজিয়েছেন শফিক। দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২২ রান। জিততে হলে আজ বুধবার টেস্টের শেষদিন বাকি ৭ উইকেটে তুলতে হবে ১২০ রান। সেটি করতে বেশ বেগ পেতে হয়নি অতিথিদের। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন শফিক। ৪০ রানে রিজওয়ান যখন সাজঘরে ফেরেন তখন পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৭৬ রান। তবে এরপর আগা সালমান ১২ ও হাসান আলি ৫ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।
কিন্তু সপ্তম উইকেটে মোহাম্মদ নওয়াজকে নিয়ে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শফিক। এ জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। যদিও জয় থেকে যখন ১১ রান দূরে, তখন বৃষ্টি হানা দেয়। বৃষ্টি থামলে পুনরায় খেলা শুরু হয়। শ্রীলংকার হয়ে জয়সুরিয়া ৪টি উইকেট নেন। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।
আগামী রোববার গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।








