দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে চট্টগ্রাম এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটানসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে উঠেছে।
আগের ১১ আসরের মধ্যে রাজশাহী একবার শিরোপা জিতেছে, চট্টগ্রাম কখনো শিরোপার স্বাদ পায়নি। ২০১৯ সালে শিরোপা জেতার সময় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির নাম ছিল রাজশাহী রয়্যালস। এবার রাজশাহী ওয়ারিয়র্স নাম নিয়ে খেলছে নাবিল গ্রুপের মালিকানাধীন দলটি। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দুবার রানার্সআপ হয়েছে। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ও ২০২৫ সালের শুরুর দিকে অনুষ্ঠিত একাদশ আসরে ফরচুন বরিশালের কাছে হেরেছে চট্টগ্রাম কিংস নামে। এবার নতুন মালিকানা যাওয়ার পর নাম বদলে হয়েছে চট্টগ্রাম রয়্যালস।
যদিও এবার আসর শুরুর মাত্র একদিন আগে মালিকানা থেকে সরে যায় ট্রায়াঙ্গেল স্পোর্টস। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়। সেই থেকে চমক দেখিয়ে শীর্ষ দুইয়ের মধ্যে থেকে প্লে-অফে জায়গা করে নেয় শেখ মেহেদী হাসানের নেতৃত্বাধীন দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা রাজশাহীকে হারিয়ে সবার আগে উঠে যায় ফাইনালে। আজ আরেকবার দেখা দুই দলের। আজ কি প্রথম শিরোপার উৎসব করবেন মেহেদীরা, নাকি প্রতিশোধ নিয়ে দ্বিতীয় শিরোপায় চুমু খাবেন নাজমুল হোসেন শান্তরা?









