২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চার বছরের চক্রে সব সংস্করণ মিলিয়ে ১৪৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে-৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে এবং ৫১টি টি২০ ম্যাচ। এই চক্রে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলবে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়রা খেলবে তিন সংস্করণ মিলিয়ে ১৪৬ ম্যাচ।
২০১৮-২৩ সালের চলমান এফটিপিতে ১৫৭টি ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। তবে এই চক্রটি ছিল পাঁচ বছরের, যা শেষ হবে আগামী বছরের শুরুতে। সামনের চক্রটি চার বছরের।
এই চক্রে আগামী চার বছরে যেকোনো দেশের চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ (৫৯টি)। ৫৮টি ম্যাচ পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলংকা।
৩৪টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, যা আগেরবারের চেয়ে চারটি বেশি। বাংলাদেশের থেকে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড (৪২), অস্ট্রেলিয়া (৪১) এবং ভারত (৩৮)। এই চক্রে ৫১টি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। ক্রিকইনফো








