টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৪ সালটি মিশ্র কেটেছে বাংলাদেশ দলের। এ সময় ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৪-১-এ গুঁড়িয়ে দেয়া ছাড়াও এ ফরম্যাটের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০তে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখায় টাইগাররা। সেই ফর্ম ও আত্মবিশ্বাস এ বছর টেনে আনতে পারেনি লিটন দাসের দল। এরই মধ্যে দুটি সিরিজ হেরে র‍্যাংকিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশ দলের।

চলতি বছর পাঁচটি টি-টোয়েন্টি খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আবার সর্বশেষ চার ম্যাচেই ছিল হারের লজ্জা। আজ কি টানা পঞ্চম হারের মুখে পড়বে লিটন দাসের দল, নাকি ঘুরে দাঁড়াবেন তারা? লাহোরে বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি সারতে চেয়েছিল লিটনের দল। কিন্তু ঘটল উল্টোটা। সংযুক্ত আরব আমিরাত চমক দেখিয়ে টেস্ট খেলুড়ে বাংলাদেশকে ২-১-এ সিরিজ হারিয়ে দেয়।

আমিরাতে বিপর্যয় শেষে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। শুরুতে সিরিজটা পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও পরে পাকিস্তান-ভারত সংঘাতে এটি ছোট করে তিন ম্যাচে নামিয়ে আনা হয়। এ ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচে টানা হেরেছে ফিল সিমন্সের দল। এমনকি লড়াইও করতে পারেনি অতিথি দলটি। স্বাগতিকরা দুটি ম্যাচেই ২০১ রান তুলে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় লিটন-তানজিদদের। জবাবে বাংলাদেশ প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রান তুলতে সমর্থ হয়েছে। আজ তারা হোয়াইটওয়াশের মুখোমুখি।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সময় একদমই ভালো যাচ্ছে না। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। টানা হারের প্রভাব পড়েছে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে। নবম স্থান থেকে এক ধাপ পিছিয়ে এখন দশম স্থানে বাংলাদেশ।

টানা চার হারে র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫ কমে ২২০ হয়েছে। এতেই এক ধাপ পিছিয়েছে টাইগাররা। ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরই রয়েছে আয়ারল্যান্ড।

র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১)। এরপর অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)।