আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এবং আগামী মাসে বিদায়ী ম্যাচ খেলতে যাওয়া লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসিকে নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য তাকে কোচিং করানো ছিল সেরা অভিজ্ঞতা। এটি একটি স্বপ্ন ছিল। আমি তাকে এটি বলেছি এবং সারা জীবন বলেও যাব। তার মতো কেউ আর কখনো আসবে না। মাঠের পারফরম্যান্সের জন্য তো বটেই, মাঠের বাইরে সে যা কিছু ছড়িয়ে দেয়—সব মিলিয়ে তার মতো একজন খেলোয়াড়ের আগমন সত্যিই বিরল।’

স্কালোনি জানিয়েছেন, মেসির আন্তর্জাতিক বিদায়ের জন্য এখনই উপযুক্ত সময়। গত আগস্টের শেষের দিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মেসি। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে দেশের জার্সিতে শেষবারের মতো খেলবেন ৩৯ বছর বয়সী মহাতারকা। এ ম্যাচে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড়কে বিদায় সম্মাননা জানাবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের প্রস্তুতি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘আমি বিশ্বাস করি তার মতো একজন খেলোয়াড় এ সম্মান পাওয়ার যোগ্য। আমি তার বিদায়বেলায় উপস্থিত থাকতে চাই বলেই এখানে আমি কিছুটা অবদানও রেখেছি। যেহেতু আমি জানি না পরবর্তী সময়ে আমি দায়িত্বে থাকব কিনা, তাই আমরা চেষ্টা করেছি যাতে সে এ ম্যাচে থাকতে পারে।’

দীর্ঘদিনের প্রিয় শিষ্যকে নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম সে কীসের মধ্য দিয়ে যাচ্ছিল, তবু নিজের দেশের মানুষ এবং তাকে যারা এতটা ভালোবাসে, তাদের সামনে এসে বিদায় নেয়ার প্রবল ইচ্ছা ও প্রচেষ্টা সে দেখিয়েছে। আমার মনে হয় যদি কোনো সম্মাননা জানাতেই হয়, তবে তা এখনই করা উচিত। কারণ পরে হয়তো এ জাদু আর একই রকম থাকবে না। আমি বিশ্বাস করি এখনই তার জন্য সবার ভালোবাসা অনুভব করার সঠিক সময়।’

নিজের ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে মেসি আট ম্যাচ খেলে ৮ গোল করেন। ইন্টার মায়ামির এ ফরওয়ার্ড তার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে, যেখানে তার মোট গোল ১২৫টি এবং এর মধ্যে ২১টি এসেছে বিশ্বকাপে।

আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে। এটা মেসি পাবেন কিনা সে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘সে যে বিশ্বকাপটি খেলেছে, এরপর আর কিছু বলার থাকে না। পুরস্কারটি যদি সেরা খেলোয়াড়ের জন্য হয়ে থাকে, তবে কোনো সন্দেহ নেই যে এটি তার। পরিসংখ্যানই তার প্রমাণ। সে যতদিন ফুটবল মাঠে থাকবে, সে এটির যোগ্য নয়—এমন যুক্তি দেখানো কঠিন।’

স্কালোনি জানান, আর্জেন্টিনার কোচ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়নের জন্য তিনি আলোচনায় রাজি আছেন। বলিভিয়া, বুর্কিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এজেইজায় জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কথা বলব—বসার জন্য সব ধরনের সদিচ্ছা রয়েছে। অবশ্যই এখানে থাকার ইচ্ছা আছে, তবে এএফএ প্রেসিডেন্টের (ক্লদিও তাপিয়া) সঙ্গে আমাদের অনেক বিষয়ে আলোচনা করতে হবে।’

স্কালোনির এ মন্তব্য এমন সময়ে এল যখন আর্জেন্টিনার জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় তাকে দায়িত্বে থাকার জন্য প্রকাশ্যে অনুরোধ জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো, যিনি মেসির আন্তর্জাতিক অবসরের পর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। স্কালোনির হাত ধরেই আর্জেন্টিনা তাদের ইতিহাসের সবচেয়ে সফল সোনালি অধ্যায় পার করেছে, যার মধ্যে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং ২০২১ ও ২০২৪ সালের দুটি কোপা আমেরিকা শিরোপা।

আর্জেন্টিনার চাকরি নিয়ে স্কালোনি বলেন, ‘এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, তবে তার মানে এই নয় যে আমাকে সারা জীবন এ চাকরিতেই আঁকড়ে থাকতে হবে। সভাপতির সঙ্গে আমাদের কিছু শর্ত নিয়ে আলোচনা করতে হবে এবং দেখা যাক আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারি কিনা।’

চুক্তি নবায়ন আর্থিক নাকি ক্রীড়াসংক্রান্ত বিষয়ের ওপর নির্ভর করছে—এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘সবকিছুরই কিছুটা মিশ্রণ রয়েছে।’

মেসি, রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসরের পর দলটিকে নতুনভাবে সাজানোর রূপান্তর প্রক্রিয়া শুরু করেছেন স্কালোনি। আসন্ন প্রীতি ম্যাচগুলোর দল নির্বাচনেও তার প্রতিফলন দেখা গেছে। স্কালোনি বলেন, ‘এ ম্যাচগুলো তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। এ তরুণরা ডাক পাওয়ার যোগ্য। আশা করি তারা এর সেরা ব্যবহার করবে।’

নতুন ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রক্ষণভাগের টমাস প্যালাসিওস, রোমান ভেগা, ভ্যালেন্টিন গোমেজ; মিডফিল্ডার টোবিয়াস আনদ্রাদা, এজেকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন ও উইঙ্গার লিওনেল ফ্লোরেস।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবা প্রদেশের মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ ও ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুর্কিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।