টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান। তবে জয়টা সহজে আসেনি তাদের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ শনিবার উদ্বোধনী ম্যাচে ডাচদের বিপক্ষে হারতে বসেছিল পাকিস্তান। শেষ ১২ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রানের। এ সময় ফাহিম আশরাফের বীরত্বে জয় তুলে নিতে সমর্থ হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শুভসূচনা পেয়েছে সালমান আগার দল।

কলম্বোয় উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। দেড়শ রানের সম্ভাবনা জাগালেও শেষ দুই বলে টানা উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় ডাচরা। দলটির হয়ে স্কট এডওয়ার্ডস ৩৭, বাস ডি লিডি ৩০, মাইকেল লেভিট ২৪ ও কলিন অ্যাকারম্যান ২০ রান করেন। পাকিস্তানের সালমান মির্জা ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও আবরার আহমেদ প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

আজ কলকাতায় বিকাল সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায় আরেক ভেন্যু মুম্বাইতে, যেখানে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আরব সাগরের তীরবর্তী ঐতিহ্যবহুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, যার মূল আকর্ষণ খ্যাতিমান ড্যান্সার নোরাহ ফাতেহি।