উজবেকিস্তানের সমরকন্দ শহরে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সঙ্গে ড্র করেছে।
রোববার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে হারান। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ড মাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে হেরে যান।
অপরদিকে, পঞ্চম রাউন্ডের খেলায় হন্ডুরাস নারী দলকে ৩-১ গেম পয়েন্টে হারায় বাংলাদেশের মহিলা দল। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হন্ডুরাসের ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে হারান। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে গেছেন।
ওপেন বিভাগে বাংলাদেশ ৫ খেলায় ৬ পয়েন্ট ও মহিলা বিভাগে বাংলাদেশ দল ৫ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় উজবেকস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা দিয়েছে।
২০৫ জাতির এই দাবা আসর শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।










