টানা ২২ ম্যাচে অপরাজিত থেকে বুধবার রাতে ইতিহাদে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার উড়তে থাকা দলটিকে মাটিতে নামাতে পারেনি রিয়াল মাদ্রিদ। বরং চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’ খ্যাত রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এবারের আসর থেকে বিদায় করল ইংলিশ জায়ান্টরা। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেয়েছে তারা। ১০ জুন ইস্তানবুল ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।
আগের দুটি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়ালের কাছে হারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল সিটিজেনরা। এবার বড় জয়ে সেই যন্ত্রণা ভুলল তারা। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করলেও ইতিহাদে অতিথি দলকে কোনো সুযোগই দিল না গার্দিওলার শিষ্যরা। পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভার জোড়া গোলে রেকর্ড ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালকে গুঁড়িয়ে দিল ইংলিশ জায়ান্টরা।
পুরো ম্যাচে আধিপত্য করে জিতেছে ম্যানসিটি। ৫৯ শতাংশ বল দখলে ছিল তাদের, রিয়ালের দখলে ছিল ৪১ শতাংশ। আর প্রথম ৩০ মিনিটে যা ছিল ৭৮:২২! দ্বিতীয়ার্ধে রিয়াল খানিকটা উন্নতি করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। গোলকিপার থিবো কোর্তোয়ার বীরত্বপূর্ণ পারফরম্যান্সে বড় লজ্জা থেকে বেঁচে যায় রিয়াল। তিনি শুরুর দিকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের দু-দুটি হেডের বল শেষ মুহূর্তে সেভ করেন। দ্বিতীয়ার্ধেও তিনি হালান্ডকে গোলবঞ্চিত করেন। তবে রুখতে পারেননি সিলভাকে। ২৩ মিনিটে বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রুইনার পাসে কাছ থেকে নেয়া শটে গোল করে দলকে এগিয়ে দেন সিলভা। ৩৭ মিনিটে তারই হেডে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।
৭৬ মিনিটে ডি ব্রুইনার ফ্রি কিকে হেড নিয়ে গোল করেন সিটির ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি (৩-০)। বলটি জালে জড়ানোর আগে অবশ্য রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাওর শরীর ছুঁয়ে যায়। শেষ দিকে আর্লিং হালান্ডকে উঠিয়ে বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজকে মাঠে নামান পেপ গার্দিওলা। তিনি দ্রুতই আস্থার প্রতিদান দিয়েছেন। যোগ করা সময়ে ফিল ফডেনের মোহনীয় এক পাস থেকে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান ৪-০ করেন আলভারেজ।
গতবার সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের জয় পায় ম্যানসিটি। রিয়ালের মাঠে দ্বিতীয় লেগেও তারা ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। এরপর মহানাটকীয়তার কাছে সিটির স্বপ্ন ভেঙে চূর্ণ হয়। ৯০ ও ৯১ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো দু-দুটি গোল করেন লড়াইটা ৫-৫ করে ফেলেন। ৯৫ মিনিটে পেনাল্টি থেকে বেনজেমার গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফাইনালে ওঠে রিয়াল। পরে লিভারপুলকে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় কার্লো অ্যানচেলত্তির দল।
গতবারের যন্ত্রণা ভুলতে এবার রিয়ালকে চেয়েছিলেন গার্দিওলা। বুধবার জয় শেষে প্রতিক্রয়ায় তিনি বলেন, ‘ড্রতে যখন মাদ্রিদ পড়ল, তখন আমি বলেছি, হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম। আমরা যেভাবে হেরেছিলাম তা মেনে নেয়া কষ্টের। কিন্তু এক বছর পর আমরা দেখাতে সমর্থ হয়েছি যে, আমাদের রয়েছে একঝাঁক মেধাবী খেলোয়াড়।’
ম্যানসিটির সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। আগামীকাল কিংবা রোববারই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টারের বিপক্ষে তারাই ফেভারিট হিসেবে খেলতে নামবে। আর ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা এফএ কাপ ফাইনালে।
এর আগে মঙ্গলবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে ইন্টার। ইতালিয়ান জায়ান্টরা ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এ রাতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে দেয় ইন্টার মিলান। প্রথম লেগে তাদের জয় ছিল ২-০ গোলের।










