হঠাৎ করেই যেন বাংলাদেশের ফুটবলে সুনামি বয়ে যায়। ইংলিশ ফুটবলের সৌরভ নিয়ে হাজির হামজা চৌধুরী। ইতালির থেকে ফাহমিদুল আর আর কানাডা থেকে শমিত সোম। এসব তারকা জাতীয় দলে যুক্ত হওয়ায় ফুটবল যেন ফিরে পায় হারানো গৌরব। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি সন্ধ্যায় শুরুর কথা থাকলেও দুপুর থেকে স্টেডিয়ামপাড়ায় হাজার হাজার সমর্থক ভিড় করেন। বিকালেই গ্যালারিও পূর্ণ হয় কানায় কানায়। যদিও চরম উন্মাদনার এ ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে।
ভালো খেলেও হেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, রাকিব হোসেন, শমিত সোম দারুণ খেলেছেন। তাদের কল্যাণে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত ১–২ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল।
ম্যাচের দুই অর্ধে দুটি গোল খেয়ে ২–০তে পিছিয়ে পড়া বাংলাদেশ। ৪৪ মিনিটে লিড নেয়ার পর ৫৭ মিনিটে ব্যবধান ২-০ করে অতিথিরা। এরপর হামজার রক্ষণচেরা পাস থেকে রাকিব গোল করলে ব্যবধান কমায় বাংলাদেশ (২-১)। সমতা আনতে মরিয়া বাংলাদেশ মুহূর্মুহ আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষকে। যদিও গোল আর পাওয়া হয়নি। শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের লাফিয়ে নেয়া হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।
সিঙ্গাপুরের সঙ্গে এ নিয়ে তিনবারের দেখায় দুবার হারল বাংলাদেশ। ১৯৭৩ সালে মারদেকা কাপে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারায় সিঙ্গাপুর। সেই একই মাঠে এবারও একই ব্যবধানে হারল বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি ১৬১ নম্বরে ও বাংলাদেশ ১৮৪ নম্বরে অবস্থান করছে।
‘সি’ গ্রুপে ভারত, হংকং, বাংলাদেশ ও সিঙ্গাপুর চারটি দলেরই অর্জন সমান ১ পয়েন্ট। ছয়টি গ্রুপের শীর্ষস্থান দখলকারী ছয়টি দল উঠবে ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে।
স্বাগতিক সৌদি আরবসহ মোট ২৪টি দল খেলবে ২০২৭ সালের এশিয়ান কাপে। এরই মধ্যে ১৮টি দল মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে। শেষ ছয়টি টিকিটের জন্য লড়াই করছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, সিরিয়া, লেবাননের মতো দলগুলো। আজ ভারতকে ১-০ গোলে হারিয়েছে হংকং। সিঙ্গাপুর ও হংকং উভয়ের ঝুলিতে সমান ৪ পয়েন্ট, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে।









