ইংল্যান্ডের ঐতিহ্যবহুল লর্ডসে ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ ও ১৯৭৯ সালে দ্বিতীয় বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে ১৯৮৩ সালের আসরে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় ক্যারিবিয়ানরা। প্রথম তিন আসরের ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এরপর যেন হারিয়েই যায়। পরের নয় আসরে কখনই ফাইনালেও খেলতে পারেনি তারা। এমনকি সত্তর ও আশির দশকের ক্রিকেট পরাশক্তিকে এখন কিনা বিশ্বকাপের টিকিট পেতে খেলতে হয় বাছাইপর্ব!

এ বছরের শেষ দিকে ভারতের মাঠে বসছে ১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আসর। আইসিসি সুপার লিগ টেবিলে সেরা আটের মধ্যে জায়গা করে নিতে না পারায় এ আসরে সরাসরি খেলার টিকিট পায়নি ক্যারিবিয়ানরা। ফলে তাদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।

আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়ের মাটিতে এ বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। তাদের মধ্য থেকে দুটি দেশ পাবে বিশ্বকাপের টিকিট, যারা সরাসরি বিশ্বকাপে যাওয়া আট দেশের সঙ্গে যোগ দেবে। স্বাগতিক ভারত ছাড়া সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গত মঙ্গলবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ফলহীন থাকায় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে যায়।

বাছাইপর্বে অংশ নেয়া ১০ দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। অবশ্য ভিন্ন গ্রুপে পড়ায় দুটি দলেরই বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। ‘‌এ’ গ্রুপে শ্রীলংকা খেলবে নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে। আর ‘‌বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেপাল, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।