চার ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। তাই শিরোপার উত্তাপ আর নেই। ৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত আর্সেনালের। গত সপ্তাহে নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করেছে গানাররা। এর পরও আজ মৌসুমের শেষ দিন, শেষ রাউন্ডের ম্যাচে বেশ উত্তাপ থাকছে অন্যদের কারণে। প্রিমিয়ার লিগে আরো তিনটি দল পাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের টিকিট। সেই তিনটি দল নির্ধারণ হবে আজ। শেষ রাউন্ডের সব ম্যাচ একযোগে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে মোট ছয়টি দল এবার চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে। সচরাচর চারটি দল টিকিট পেলেও ইউরোপে ইতিবাচক ফল করায় এবার তারা পাঁচটি টিকিট পাবে। এছাড়া সম্প্রতি ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম হটস্পার্সও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট নিশ্চিত করেছে। যদিও লিগে তাদের অবস্থান ১৭ নম্বরে, অবনমন অঞ্চল থেকে এক ঘর ওপরে! সেই দলটি ইউরোপা লিগ জিতে তাক লাগিয়ে দেয়। এছাড়া দুটি দল খেলবে ইউরোপা লিগে। ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ জয় করা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ইউরোপা লিগে যোগ দেবে টেবিলের ষষ্ঠ স্থানধারী দল।

29

এখানেই শেষ নয়। উয়েফা কনফারেন্স লিগে খেলবে প্রিমিয়ার লিগের সপ্তম স্থানধারী দল। আরো একটি দল বাড়তে পারে। চেলসি যদি লিগে সপ্তম হয় এবং পরে কনফারেন্স লিগের ফাইনাল জিতে নেয় সেক্ষেত্রে টেবিলের অষ্টম স্থানধারী দলও উঠবে কনফারেন্স লিগে।

ম্যানচেস্টার সিটি ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে, নিউক্যাসল ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে, চেলসি ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে, অ্যাস্টন ভিলা ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ছয়ে ও নটিংহ্যাম ফরেস্ট ৬৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে। ম্যানসিটির কাজটি সহজ। তারা আজ ফুলহ্যামের মাঠে ড্র করলেই উঠে যাবে চ্যাম্পিয়নস লিগে, আর জিতলে তো কথাই নেই। ড্র করলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৬৯, তখন ছয় নম্বরে থাকা অ্যাস্টন ভিলার পক্ষে জিতেও সিটিকে ধরা সম্ভব হবে না। আর জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭১। তবে শেষ দিনের স্নায়ুচাপ নিয়ে ড্র কিংবা জয় পাওয়া কঠিন হতে পারে। বিশেষ করে সম্প্রতি এফএ কাপ ফাইনালে তারা হেরে বসেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। চার, পাঁচ ও ছয়ে থাকা নিউক্যাসল, চেলসি ও অ্যাস্টন ভিলার ঝুলিতে সমান ৬৬ পয়েন্ট। নিউক্যাসলের গোলগড় ২২, চেলসি ২০ ও অ্যাস্টন ভিলার ৯। এ গোলই আজ ভাগ্য গড়ে দিতে পারে যেকোনো দলের। নিউক্যাসল ঘরের মাঠে এভারটনকে হারালেই চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করবে। তবে চেলসির কাজটা সহজ হবে না। তাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টও চ্যাম্পিয়নস লিগে ওঠার দাবি জানিয়ে রেখেছে।

৬৫ পয়েন্ট নিয়ে তারা সাতে অবস্থান করছে। ঘরের মাঠে চেলসিকে হারিয়ে দিলে তারা উঠে যেতে পারে চ্যাম্পিয়নস লিগে। যদিও এখানে লিভারপুল-ক্রিস্টাল প্যালেস ম্যানইউ-অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল-এভারটন ম্যাচের ফল প্রভাব রাখবে। ম্যানইউর মাঠে জিতে চ্যাম্পিয়নস লিগের টিকিটের দাবিদার হয়ে উঠতে পারে অ্যাস্টন ভিলা। তবে নিউক্যাসল, ম্যানসিটি আর চেলসি প্রত্যেকেই জিতলে ভিলার ৩ পয়েন্টও যথেষ্ট হবে না।