দীর্ঘ ৯ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি পেল বাংলাদেশ। দেশের ইতিহাসে মাত্র দ্বিতীয় সেঞ্চুরিটি এলো পারভেজ হোসেন ইমনের কল্যাণে। গতকাল শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫৩ বলে সেঞ্চুরি করেন তিনি। ২০১৬ সালের বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি হার্ডহিটার তামিম ইকবাল।

২২ বছর বয়সী ইমনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯১ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান তুলে অলআউট হয়েছে আরব আমিরাত। ১৮ বলে ৩৮ রানের প্রয়োজন ছিল স্বাগতিকদের। ১৬ বলে ৪০ রান নিয়ে ব্যাট করা আসিফ খান চোখ রাঙাচ্ছিলেন। যদিও পরের ওভারে হাসান মাহমুদ মাত্র এক রান দিয়ে আসিফের উইকেট তুলে নিয়ে চিন্তামুক্ত করে দলকে। সেখানেই শেষ হয়ে যায় আমিরাতিদের আশা। হাসান মাহমুদ তিনটি এবং মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট নেন।

তরুণ ব্যাটার ইমন ২৮ বলে ফিফটি করেন। টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটিকে তিনি রূপ দিলেন সেঞ্চুরিতে। আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৯, সব মিলিয়ে ৭ ম্যাচে রান ছিল ৮৮। গতকাল এক ম্যাচেই করলেন শতরান। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য তিনি আউট হয়ে যান।

এর আগে দ্বিতীয় ওভারে দলীয় ১৩ রানে তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে বোর্ডে ৩৬ রান যোগ করেন ইমন। লিটন ৮ বলে ১১ রান করে আউট হওয়ার পর তাওহীদ হৃদয়কে নিয়ে ৩২ বলে ৫৮ রান যোগ করেন তিনি। তাদের দৃঢ়তায় ৯.৪ ওভারেই একশ রান তুলে নেয় বাংলাদেশ। ১১তম ওভারে হৃদয় (১৫ বলে ২০) ফিরে যান সাজঘরে।

শেখ মেহেদী হাসান (২), জাকের আলী (১৩) ও শামীম হোসেন (৬) বড় স্কোর গড়তে ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেন ইমন। সেই সঙ্গে দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি। ৫৪ বলে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০০ রান করেন বাঁহাতি এ ব্যাটার।