রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে সেঞ্চুরি
করে ক্রিস গেইলকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সাত সেঞ্চুরির কীর্তি গড়েন বিরাট
কোহলি। ওই ম্যাচেই সেঞ্চুরি করেন গুজরাট টাইটান্সের শুভমান গিলও। তার সেঞ্চুরির
কাছে সেদিন হেরে যান কোহলি। আজ আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আবারো
সেঞ্চুরি করেছেন ভারতীয় জাতীয় দলের এই উদীয়মান সুপারস্টার। ৬০ বলে ১২৯ রানের
বিস্ফোরক ইনিংস খেলে গুজরাটকে এনে দেন দুইশোর্ধ্ব সংগ্রহ। এটা আইপিএলের চলতি আসরে
তার তৃতীয় সেঞ্চুরি।
টস হেরে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠানো মুম্বাই
ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এখন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন। কেননা গিল আহমেদাবাদের
উইকেটে ঝড় তুলে রানকে নিয়ে গেছেন দুশর উপরে। ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৩৮ বলে ৫৪ রান
তোলেন তিনি। দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ৬৪ বলে ১৩৮ রান যোগ করেন। এর মধ্যে
৯৫ রানই ছিল গিলের এবং এই রান তিনি করেন মাত্র ৩৮ বলে!
৩২ বলে করেন ফিফটি। এর পরের ১৭ বলে করেন দ্বিতীয় ফিফটি। মানে, তার সেঞ্চুরি এসেছে ৪৯ বলে। দলের সংগ্রহ যখন ১৯২ তখন আকাশ মাধবলের পেস বল খেলতে গিয়ে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গিল। ডানহাতি এই ব্যাটার ইনিংসটি সাজান ৭টি চার ও ১০টি ছক্কায়। তার বিদায়ের পর ১৭.৪ ওভারে ২০০ পূর্ণ করে গুজরাট। ২০ ওভারশেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৩৩ রান। সুদর্শন ৩১ বলে ৪৩, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৮ রান করেন।
আজ মাত্র ৯ রান করলেই ফাফ ডু প্লেসিকে টপকে
এবারের আসরে সর্বোচ্চ স্কোরার হতেন গিল। কিন্তু তিনি করলেন ১২৯ রান। ১৬ ইনিংসে তার
রান ৮৫১, গড় ৬০.৭৮।










