সিঙ্গাপুরের বিপক্ষে ৩১ মার্চ এশিয়া কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ দুটি ম্যাচের জন্য আজ শুক্রবার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হাভিয়ের কাবরেরার এই স্কোয়াডে নেই কোনো নতুন মুখ। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। ২৮ সদস্যের দল থেকে ৬ জনকে বাদ দিয়েছেন কাবরেরা।

প্রাথমিক দল ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেখান থেকে বাদ পড়লেন ৬ জন। চূড়ান্ত দলে আছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।

বাদ পড়েছেন গোলরক্ষক ইসহাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন; মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

গতকাল রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ফুটবল দল। সেখানে আগামী ২৬ মার্চ স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর গন্তব্য সিঙ্গাপুর। সেখানে ৩১ মার্চ এএফসি এশিয়া কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে যেতে পারছে না বাংলাদেশ। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই জয়, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

২৩ জনের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন। মিডফিল্ডার: হামজা চৌধুরী, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম। ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।