হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি২০তে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে অজিরা ৪ উইকেটে এবং দ্বিতীয়টিতে ভারত ৬ উইকেটে জয় পায়। ফলে আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে, সাত ম্যাচ সিরিজের চতুর্থ টি২০তে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। আগের তিন ম্যাচের দুটিতে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। করাচিতে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে ক্যামেরন গ্রিন ও ম্যাথু ওয়েডের তাণ্ডবে ২০৯ রানের লক্ষ্য দিয়েও হেরে যায় ভারত। কিন্তু দ্বিতীয় টি২০তে বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরি করে। এজন্য ওভার কমিয়ে আট ওভারে েখেলা হয়। রোহিত শর্মার ঝড়ো ইনিংসে (২০ বলে ৪৬) ভর করে চার বল হাতে রেখে ৯১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বোলিংয়ের দৈনদশায় এ ম্যাচে জসপ্রিত বুমরাহকে দলে নেয় স্বাগতিকরা।
ভারত-অস্ট্রেলিয়া টি২০তে এখন পর্যন্ত ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ১৪ ম্যাচে জিতেছে, অজিরা জিতেছে ১০টি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের সব শেষ সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। এর আগের বছর ভারতের মাটিতে ২-০তে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।










