রেকর্ড চারবারের বিশ্বচ্যাম্পিয়ন
ও গত টানা দুই আসরের শিরোপাধারী যুক্তরাষ্ট্রকে ভয় পাইয়ে দিয়েছিল পর্তুগাল। অকল্যান্ডের
এডেন পার্কে আজ গোলশূন্য ড্র হয়েছে দুই দলের লড়াই। এতে পর্তুগালকে এক পয়েন্টে পেছনে
ফেলে শেষ ষোলোয় উঠতে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু এই ম্যাচে হারলেই বাড়ি
ফিরতে হতো অ্যালেক্স মরগানদের। আজ ‘ই’ গ্রুপের আরেক ম্যাচে ভিয়েতনামকে ৭-০ গোলে গুঁড়িয়ে
দিয়ে দাপটে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস। ডাচরা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, আর মার্কিন
নারীরা রানার্সআপ।
‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’
জার্সির নারীরা প্রথম ম্যাচে ভিয়েতনামকে হারানোর পর যেন হারিয়েই যায়। ডাচদের সঙ্গে
ড্র করার পর আজ পর্তুগিজদের সঙ্গেও পেরে উঠছিল না তারা। আনা কাপেতার শট ৯১ মিনিটে পোস্টে
লেগে ফিরে আসে। তাতে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটাতে পারেনি পর্তুগাল। আর কষ্টের
এই ড্র যুক্তরাষ্ট্রকে বড় লজ্জা থেকে বাঁচিয়ে দেয়। তাতে টানা তৃতীয় বিশ্বকাপ শিরোপার
স্বপ্ন টিকে থাকল মরগানদের।
এদিকে, আজ ভিয়েতনামকে
বিধ্বস্ত করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে
থাকা ডাচরা পরের অর্ধে আরো দুই গোল করে বড় জয় নিশ্চিত করে। ইসমি ব্রাটস ও জিল রুর্ড
দুটি করে গোল করেন। একবার করে লক্ষ্যভেদ করেন লিয়েকে মের্টেনস, কাতিয়া স্নোয়েজ ও ড্যানিয়েল
ফন ডি ডঙ্ক।
২০১৯ বিশ্বকাপের রানার্সআপ
ডাচরা শেষ ষোলোয় মুখোমুখি হবে ‘জি’ গ্রুপ রানার্সআপের। সেটি হতে পারে ইতালি, দক্ষিণ
আফ্রিকা কিংবা আর্জেন্টিনা। একই গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। খুব
সম্ভবত তাদের প্রতিপক্ষ সুইডেন।
এদিকে আজ অ্যাডিলেডে
‘ডি’ গ্রুপের ম্যাচে চীনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ
ষোলোয় উঠেছে ইংল্যান্ড। লরেন জেমস দুটি গোল করার পাশাপাশি দুটিতে অ্যাসিস্ট করেন। এছাড়া
রুসো, হেম্প, কেলি ও ড্যালি একটি করে গোল পান। গত শুক্রবার ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের
জয়সূচক গোল করা ২১ বছর বয়সী ফরওয়ার্ড লরেন আজও অনন্য নৈপূণ্য প্রদর্শন করেন। তার পায়ে
বল গেলেও চীনা রক্ষণে আতঙ্ক তৈরি হয়েছে। বাকিরাও অসধারণ পারফর্ম করলে বড় জয় পায় বর্তমান
ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আরেক ম্যাচে হাইতিকে ২-০
গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে ডেনমার্ক।
সোমবার শেষ ষোলোয় ‘বি’
গ্রুপ রানার্সআপ নাইজেরিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড, আর ডেনমার্ক খেলবে ‘বি’ গ্রুপ
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।










