ইনজুরির কারণে অনেক দিন ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন রোহিত শর্মা। সম্প্রতি কভিড আক্রান্ত হয়ে খেলতে পারছেন না এজবাস্টন টেস্টেও। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে দলে ফিরছেন ভারতের নিয়মিত অধিনায়ক।
রোহিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন পেসার জসপ্রিত বুমরাহ। তবে কভিডমুক্ত হওয়ায় ৩৫ বছর বয়সী রোহিত ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন। দুই সিরিজের জন্যই তিনি পুরোপুরি প্রস্তুত।
আগামী বৃহস্পতিবার সাউদাম্পটনে সিরিজের প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ ও ১০ জুলাই বার্মিংহাম ও নটিংহামে পরের দুই ম্যাচ। ১০ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ।
দ্বিতীয় টি২০ থেকে খেলার কথা ছিল রোহিতের। দ্রুত সুস্থ হয়ে ওঠায় প্রথম টি২০ থেকেই খেলবেন তিনি। প্রথম টি২০র দলে নেই বিরাট কোহলি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আয়ার ও বুমরাহ। পাঁচ দিনের টেস্ট খেলার পর বিশ্রাম দিতে তাদের এই ম্যাচের দলে রাখা হয়নি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দলে ফিরবেন তারা। প্রথম টি২০র পর বাদ পড়বেন রুতুরাজ গাইকোয়াড়, সানজু স্যামসন, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাঠি ও আরশদীপ সিং।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলা গতি দানব উমরান মালিক ও দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার দীপক হুদাকে টি২০ স্কোয়াডে রাখা হয়েছে।
ওয়ানডে দলে থাকলেও টি২০ দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। অক্ষর প্যাটেল আছেন দুই ফরম্যাটেই। মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ আছেন ওয়ানডে দলে।










