শারজায় আজ সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এই মাঠে প্রথম ম্যাচেও টস জিতে বোলিং বেছে নেয় সংযুক্ত আরব আমিরাত। ওই ম্যাচে বাংলাদেশের ১৯১ রানের জবাবে স্বাগতিকরা ১৬৪ রানে গুটিয়ে যায়।
প্রথম ম্যাচে ১৭ রানে ২ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান আজ নেই। তিনি আইপিএল খেলতে গিয়েছেন।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চার চারটি পরিবর্তন। মুস্তাফিজের জায়গা নিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম। এছাড়া শেখ মেহেদী হাসানের জায়গা নিয়েছেন রিশাদ হোসেন। সেঞ্চুরি করে দলকে জেতানো পারভেজ হোসেন ইমনকে বিশ্রাম দিয়েছে দল। তার জায়গায় আজ একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসীম বলেছেন, বাংলাদেশকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে দিতে পারলে তারা সেটি চেজ করতে পারবেন। অপরদিকে, বাংলাদেশ দলনায়ক লিটন দাসের লক্ষ্য ন্যূনতম ১৭০ রানের পুঁজি।









