দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরো সহজলভ্য করা, রোগীর সেবার মান উন্নয়ন এবং চিকিৎসার পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল ফিজিক্স, গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে এনআইসিআরএইচে সারা দেশ থেকে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন এ উদ্যোগের ফলে রোগীদের চাপ দুই প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হয়ে যাবে। এতে অপেক্ষার সময় কমবে এবং রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পাবেন।

সমঝোতা স্মারকের ফলে এখন থেকে এনআইসিআরএইচের পাশাপাশি আইএনএমপিতেও ক্যান্সার রোগীরা আধুনিক নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় এবং থেরাপিউটিক সেবা নিতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এনআইসিআরএইচের পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং আইএনএমপির পক্ষে পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।