পাঁচ ম্যাচ কাবাডি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায়।
সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় পায় নেপাল। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগের ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দল দারুণ উজ্জীবিত।
দলের ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন চতুর্থ ম্যাচ সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী দলের মেয়েরা। তিনি বলেন, ‘দলের সব খেলোয়াড় মোটামুটি সুস্থ আছে। আর ওরা চাঙ্গা আছে কারণ শেষ ম্যাচ আমরা জিতেছি। ইনশাল্লাহ আজকের ম্যাচ আমরা জিতব। প্রতিদিনই ম্যাচ শেষে আমরা সেই ম্যাচের ভিডিও নিয়ে এনালাইসিস করে থাকি। যেসব জায়গায় ভুল বা দুর্বলতা রয়েছে সেগুলো শুধরে দেয়ার চেষ্টা করি। আমরা খেলোয়াড়দের বলে দিয়েছি, নেপাল স্বাগতিক দল, তাদের দর্শক রয়েছে। কিন্তু আমরাও কোনো অংশে কম না। যার ফলে মেয়েরা এখন পুরো চাঙ্গা আছে এবং তারা কথা দিয়েছে আজকের ম্যাচ তারা জিতবেই।’
প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেযন শ্রাবণী, বৃষ্টি, স্মৃতিরা। ২৯-২২ পয়েন্টে জয় পায় নেপাল। এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৬-২৩ পয়েন্টে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ করে বাংলাদেশ। আজ জিতে সমতায় ফিরতে চান শ্রাবনীরা।









