আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য ১৬টি দল চূড়ান্ত হয়েছে। শেষ দুটি দল হিসেবে জায়গা করেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। গত শুক্রবার বাছাইপর্বের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় নেদারল্যান্ডস। অন্যদিকে, জিম্বাবুয়ে সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
২০১৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। বুলাওয়েতে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের মধ্যে বাছাইপর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে।
২০২১ সালের আরব আমিরাত বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নেয়া সব দেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়। এর মধ্যে আছে বাংলাদেশও। এরপর বাকি চারটি স্থানের জন্য হয় বাছাইপর্ব। গত ফেব্রুয়ারিতে বাছাইপর্ব উতরে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে জায়গা করে। এবার শেষ দুটি দল হিসেবে জায়গা করল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
গতবারের মতো এবারো বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে চারটি করে দল নিয়ে হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড খেলবে না পয়েন্টের ভিত্তিতে গত আসরের র্যাংকিংয়ের সেরা আট দল। এ রাউন্ডে খেলবে গত আসরের ৯ থেকে ১২তম পর্যন্ত দল ওয়েস্ট উইন্ডিজ, শ্রীলংকা, স্কটল্যান্ড ও নামিবিয়া
এবং এবার বাছাইপর্ব পেরিয়ে আসা আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
প্রথম রাউন্ডের লড়াই শেষে পয়েন্ট টেবিলের ভিত্তিতে গ্রুপ দুটি থেকে চারটি দল বিদায় নেবে এবং চারটি দল সুপার টুয়েলভে উঠবে। সেখানে তাদের সঙ্গে আগে থেকেই আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ।
আগামী ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টি২০ বিশ্বকাপের আসর।
বিশ্বকাপের ১৬ দল: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।










