সিরিজের প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইশেষে নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কেয়ার্নসে কিউইদের দেয়া ২৩৩ রানের লক্ষ্য ৫ ওভার হাতে রেখে টপকে যায় অজিরা (২৩৩/৮)।
২৩২ রান তাড়া করতে নেমে ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তখন জয়ের জন্য আরো প্রয়োজন ১৮৯ রান। প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে লক্ষ্য কঠিন হয়ে পড়ে অজিদের। কিন্তু ষষ্ঠ উইকেটে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ১৫৮ রানের জুটি স্বাগতিকদের জয় পেতে সাহায্য করে। ক্যারি ব্যক্তিগত ৮৫ রানে আউট হলেও গ্রিন ৮৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান। ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নেন।
কেয়ার্নসের ক্যাজালি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ডেভন কনওয়ের ৪৬, কেন উইলিয়ামসনের ৪৫ ও টম ল্যাথামের ৪৩ রানে ভর করে ৫০ ওভারে ২৩২/৯ রান সংগ্রহ করে সফরকারীরা। অজি বোলারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও জশ হ্যাজেলউড তিনটি উইকেট নেন।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।










